প্রচ্ছদ > আন্তর্জাতিক >

তীব্র তাপদাহে টোকিওর চিড়িয়াখানায় ৩ সিংহীর মৃত্যু

article-img

জাপানসহ পুরো পূর্ব এশিয়ায় বয়ে যাওয়া রেকর্ড ভাঙা তীব্র তাপদাহ ও দাবদাহে বিপর্যস্ত জনজীবন ও প্রাণীকূল। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক বা ‘হিট স্ট্রেস’-এ আক্রান্ত হয়ে জাপানের টোকিওর একটি চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। 

টোকিও মহানগর এলাকার হিনো শহরে অবস্থিত ‘তমা জুওলজিক্যাল পার্ক’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে সিংহের খাঁচার একাধিক সিংহীর মধ্যে ক্লান্তি এবং খাওয়ায় অরুচিসহ নানান স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ সিংহ প্রদর্শনী বন্ধ ঘোষণা করে। 

আক্রান্ত সিংহীগুলোকে বাঁচাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্যান, ওয়াটার স্প্রে, স্যালাইন ও নানা ধরনের ওষুধ প্রয়োগের মাধ্যমে তাপমাত্রা কমানোর চেষ্টা করে। মোট ১০টি সিংহকে চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। 

গত ২৮ জুলাই ৩ বছর বয়সি সিংহী ‘মুগি’ মারা যায়। তিন দিন পর ৩১ জুলাই ১১ বছর বয়সি ‘ইচিগো’ মারা যায় এবং সবশেষ গত রোববার (২ আগস্ট) ১৫ বছর বয়সি ‘লুয়েনা’র মৃত্যু হয়। 

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো বাকি থাকলেও তিনটি সিংহীর শরীরেই পানিশূন্যতা এবং অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার আলামত পাওয়া গেছে, যা তাপদাহের প্রভাবেই ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বাকি সিংহীগুলোর মধ্যে চারটির উন্নতি হলেও তিনটি এখনো চিকিৎসাধীন রয়েছে। 

জাপানে তাপমাত্রার রেকর্ড ও ‘নিষ্ঠুর গরম’ 

চলতি বছরের গ্রীষ্মে জাপান চরম তাপমাত্রার মুখোমুখি হয়েছে। জুলাইয়ের শেষের দিকে বেশ কিছু এলাকায় টানা পাঁচ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল, যা জাপানের ইতিহাসে দীর্ঘতম তাপদাহের রেকর্ড। 

অতিরিক্ত তাপমাত্রার কারণে দেশের আবহাওয়া অধিদপ্তর ৪০ ডিগ্রি বা তার চেয়ে বেশি তাপমাত্রাসম্পন্ন দিনগুলোকে চিহ্নিত করতে ‘নিষ্ঠুর গরমের দিন’ নামে একটি নতুন পরিভাষা ব্যবহার শুরু করেছে। 

সবচেয়ে শোচনীয় অবস্থায় পড়েছেন কুমামোতো প্রিফেকচারের বাসিন্দারা। গত সপ্তাহে সেখানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর নতুন করে যোগ হয়েছে মাত্রাতিরিক্ত গরম। সোমবার (৩ আগস্ট) অঞ্চলটিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

ভূমিকম্পে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু মানুষ এখন গাড়ির ভেতরে ঘুমাচ্ছেন, যার ফলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ। সরকারি তথ্য অনুযায়ী, ৭০ বছর বয়সি এক বৃদ্ধা গাড়িতে অবস্থানকালে হিট স্ট্রোকে মারা গেছেন। বর্তমানে ৮,৫০০ জনেরও বেশি মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন এবং প্রায় ৪৫,০০০ পরিবার সুপেয় পানি সংকটে ভুগছেন, যা তাপদাহের মধ্যে তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। 


আরো খবর